এলঅ্যান্ডটি ফিনান্স ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সর্বকালীন সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকার সমন্বিত কর-পরবর্তী মুনাফা (PAT) করেছে। গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় মুনাফার পরিমাণ বেড়েছে ৩৩ শতাংশ। পাশাপাশি, সংস্থার সমন্বিত ঋণের পরিমাণ ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ৩৬ হাজার ৬৩৫ কোটি টাকায় পৌঁছেছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬-এ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার খুচরো ঋণ বিতরণ ২৭ শতাংশ বেড়ে ২৪ হাজার ২৭ কোটি টাকা হয়েছে। একই সময়ে খুচরো ঋণের মোট পরিমাণ ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৬০০ কোটি টাকা। সংস্থার মতে, ব্যবসায় ধারাবাহিক গতি, সম্পদের গুণমানের উন্নতি, ঋণসংক্রান্ত খরচ হ্রাস এবং ঝুঁকি বিবেচনা করে লাভজনক বৃদ্ধির কৌশল এই সাফল্যের অন্যতম কারণ।
ফলাফল প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুদীপ্ত রায় জানান, সামষ্টিক অর্থনীতির অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতির চাপ ও মরশুমি প্রতিকূলতা সত্ত্বেও ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স করেছে এলঅ্যান্ডটি ফিনান্স। টেকসই বৃদ্ধির লক্ষ্যে সুশৃঙ্খল ঋণ মূল্যায়ন, উন্নত ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণ পোর্টফোলিওর গুণমান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্যবসার বিভিন্ন ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। ব্যক্তিগত ঋণ বিতরণ গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে। স্বর্ণঋণ বিতরণে বৃদ্ধি হয়েছে ২২৯ শতাংশ এবং এই খাতে ঋণের মোট পরিমাণ ২৪২ শতাংশ বেড়ে ৫,০৪৩ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি, দু’চাকার গাড়ির ঋণ বিতরণ ২৬ শতাংশ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) ক্ষেত্রে ঋণ বিতরণ ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ‘লক্ষ্য ২০৩১’ কৌশলের আওতায় ডিজিটাল পরিষেবার সম্প্রসারণেও জোর দিচ্ছে সংস্থা। এলঅ্যান্ডটি ফিনান্সের PLANET অ্যাপের ডাউনলোডের সংখ্যা ২ কোটি ৭০ লক্ষ ছাড়িয়েছে। বর্তমানে গ্রাহক পরিষেবা সংক্রান্ত ৯৪ শতাংশ অনুরোধ এই অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর খুচরো আর্থিক পরিষেবা সংস্থা হয়ে ওঠাই তাদের অন্যতম লক্ষ্য।
দ্বিতীয় ত্রৈমাসিকে এলঅ্যান্ডটি ফিনান্সের মুনাফা ৯৭৫ কোটি
