ফের আবার তলব করা হলো কুন্তলকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল ইডি।

এই প্রেক্ষিতে ইডি দপ্তরে হাজিরা দিতে এলেন কুন্তল ঘোষ। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পর থেকেই নতুন করে এই মামলায় জোরালো জল্পনা শুরু হয়েছে। এসএসসি নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বর্তমানে জামিনে মুক্ত।

কয়েক দিন আগেই এই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করেছিল ইডি। পাশাপাশি ১০০-র বেশি চাকরিপ্রার্থী, যাঁরা টাকা দিয়েও চাকরি পাননি, তাঁদেরও ডাকা হয়েছে। তদন্তকারীরা তাঁদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। অনেক দিন পর আবার কুন্তল ঘোষ ও মণীশকে তলব করায়, এই মামলায় নতুন করে গতি আনতেই চাইছে ইডি, এমনটাই মনে করা হচ্ছে।