কামতাপুরী দাবিকে ঘিরে সমীকরণ বদলের আভাস,বার্তা কেপিপি সুপ্রিমো অমিত রায়ের

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। কোচবিহারে কামতাপুর পিপলস পার্টি-র কর্মীসভাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি এবার ঘাসফুল শিবিরের দিক থেকে মুখ ফেরাতে চলেছেন কেপিপি সুপ্রিমো অমিত রায়?

কর্মীসভার শেষে তাঁর বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। কোচবিহারে দলের কর্মীদের নিয়ে দীর্ঘ বৈঠকে বসেন অমিত রায়। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে দল কামতাপুরী মানুষের দাবি-দাওয়া ও আবেগ নিয়ে ভাবনাচিন্তা করবে, কেপিপি সেই দলকেই সমর্থন করার কথা ভাববে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার প্রস্তুতিও শুরু করেছে কেপিপি। এদিনের বৈঠকে মূলত কর্মীদের মনোবল বাড়ানো ও নির্বাচনের রণতরী সাজানোর প্রাথমিক প্রস্তুতি নিয়েই আলোচনা হয়েছে।

তবে অমিত রায়ের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, তবে কি তলে তলে ভারতীয় জনতা পার্টি-র সঙ্গে কোনো সমঝোতার পথে হাঁটতে পারে কেপিপি?

যদিও কেপিপি সুপ্রিমো এখনই কোনো নির্দিষ্ট দলের নাম করে মুখ খোলেননি। ফলে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও অমিত রায়ের এই মন্তব্যে যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।