আই-এনকে-তে মুভমেন্ট ডিসঅর্ডার রোগীদের উপকারে আসবে মেডট্রনিকের উন্নত নিউরোস্টিমুলেশন থেরাপি

হেলথকেয়ার টেকনোলজিতে অন্যতম নাম মেডট্রনিক এবং ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা উন্নত নিউরোমড্যুলেশন থেরাপির মাধ্যমে পার্কিনসন্স, ডাইস্টোনিয়া এবং অন্যান্য মুভমেন্ট ডিসঅর্ডার বা চলাফেরার ব্যাধি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ঘোষণা করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো চিকিৎসা পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা এবং অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সকলের পরিচয় করানো। এর পাশাপাশি, ক্লিনিশিয়ান এবং রোগীদের মধ্যে পার্কিনসন্স রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।

পূর্ব ভারতে, বিশেষ করে কলকাতায় পার্কিনসন্স রোগের প্রাদুর্ভাব প্রতি লক্ষে প্রায় ৪৫.৮২ জন এবং ৫০ বছরের কম বয়সীদের মধ্যে এই রোগের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেশি। এই ক্রনিক স্নায়বিক সমস্যা কাটিয়ে উঠতে ডিপ ব্রেইন স্টিমুলেশন এবং অ্যাডাপ্টিভ ডিপ ব্রেইন স্টিমুলেশন-এর মতো উন্নত থেরাপি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে পার্কিনসন্স ছাড়াও ডাইস্টোনিয়া, কাঁপুনি (ট্রেমর), দীর্ঘস্থায়ী ব্যথার জন্য স্পাইনাল কর্ড স্টিমুলেশন এবং মূত্রাশয় ও অন্ত্রের সমস্যার জন্য স্যাক্রাল নিউরোমড্যুলেশন-এর মতো বিষয়গুলো নিয়ে কাজ করা হবে।

মেডট্রনিক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনদীপ সিং কুমার এবং আই-এনকে-এর ভাইস চেয়ারম্যান ডা. হৃষিকেশ কুমার এই অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। আই-এনকে সম্প্রতি মাইক্রো ইলেকট্রোড রেকর্ডিং প্রযুক্তির মতো আধুনিক সুবিধা যুক্ত করেছে, যা নিউরোমড্যুলেশন সার্জারির নির্ভুলতা নিশ্চিত করে। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলে একটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে, যা গবেষণার পাশাপাশি রোগীদের দীর্ঘমেয়াদী উন্নত জীবন প্রদানে সহায়ক হবে। ভারতের বিশাল জনসংখ্যার কথা মাথায় রেখে এই সময়োপযোগী পদক্ষেপটি পার্কিনসন্স চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আশা।