ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) সংক্রান্ত আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহারের দিনহাটার এক বৃদ্ধ। তাঁর নাম খায়রুল শেখ (৬৫), বাড়ি বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুর এলাকায়। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খায়রুল শেখ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত দিনহাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, খায়রুল শেখের ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানানে ভুল ছিল (খায়রুলের পরিবর্তে ‘খয়রুল শেখ’ নামে তালিকাভুক্ত হয়)। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার খবর শুনে তিনি প্রচণ্ড আতঙ্কে ছিলেন। আশেপাশের বিভ্রান্তিমূলক তথ্য পেয়ে তিনি আশঙ্কা করেন যে, নামের সামান্য ভুলের কারণে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এই ভয় থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এদিকে, কোচবিহারের এই ঘটনার খবর পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি খায়রুল শেখের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দিনহাটায় এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রার্থনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। যাঁরা বছরের পর বছর এ রাজ্যে আছেন, তাঁদের বাংলাদেশি বলে তাড়ানো হবে, এত সোজা নয়। বুকের রক্ত দিয়ে আমরা রক্ষা করব।” তিনি আরও হুঁশিয়ারি দেন, “কোনও এসআইআর বা এনআরসি করে যদি এরা যদি ১টা লোককে বাদ দেন, তাহলে ১ লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও হবে।”
কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, দিনহাটার বাসিন্দা খাইরুল শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তিনি আতঙ্কে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
