১৪ আগস্ট, কোচবিহার: রাজ্যজুড়ে কন্যাশ্রী দিবস পালনের অংশ হিসেবে কোচবিহারেও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হল এই বিশেষ দিনটি। ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পদার্পণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া কিশোরীদের শিক্ষার সুযোগ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ের চাপ থেকে মুক্ত থাকতে পারে এবং নিজের ভবিষ্যৎ গড়তে পারে।
কোচবিহারে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে কন্যাশ্রী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। কৃতি কন্যাশ্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইট করে বলেন, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অভিনন্দন। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে।”
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৯৩ লক্ষেরও বেশি কন্যাসন্তান ইতিমধ্যে উপকৃত হয়েছে এবং তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ₹১৭,৫০০ কোটি টাকারও বেশি অনুদান। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-সহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই প্রকল্প।
কোচবিহারে কন্যাশ্রী দিবসের এই উদযাপন নারী ক্ষমতায়নের বার্তা আরও একবার জোরালোভাবে তুলে ধরল।
