বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে পুজোর মুখে টানা পাঁচ ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি হয়ে পড়েছিল কলকাতা।
যাদবপুর থেকে ভবানীপুর, পার্ক সার্কাস থেকে একবালপুর, শহরের রাস্তায় জমে থাকা জলই সেই রাতে পরিণত হয়েছিল মৃত্যুফাঁদে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান অন্তত ১২ জন। সেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার শেক্সপিয়র সরণি চত্বরের এক মণ্ডপে আহ্বান করা হবে মৃতদের পরিবারকে।
সেদিন তাঁদেরকে রাজ্যের তরফ থেকে দেওয়া হবে আর্থিক সাহায্য ও পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরির নিয়োগপত্র। মুখ্যমন্ত্রী ২ লক্ষ টাকার রাজ্য অনুদান ঘোষণা করেন, পরে জানান যদি সিইএসসি চাকরি না দেয়, তবে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ড হিসেবে একজন সদস্যকে নিয়োগ করা হবে।
