সরকার বদলাতেই করা হলো বাধ্যতামূলক

দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস পৌঁছেছে দিল্লিতেও। আর এবার এই রেশ ধরেই ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত ‘বন্দেমাতরম’ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’র সমমর্যাদা ‘বন্দেমাতরম’কে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার।

ন্যাশনাল অনার অ্যাক্ট অনুযায়ী, এতদিন জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতকে অবমাননা করলে আর্থিক জরিমানা সহ কারাবাসের আইনি নিয়ম ছিল। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এই আইনের সেকশন ৩ সংশোধন করে বন্দেমাতরমকেও সমমর্যাদায় উন্নীত করা হতে চলেছে।

এর অর্থ, জাতীয় সঙ্গীতের মতোই এবার বন্দেমাতরম গাওয়ার ক্ষেত্রে কোনোরকম অনীহা বা অসম্মান প্রদর্শন করলে হতে পারে আর্থিক জরিমানা থেকে ৩ বছরের জেলও। উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, বন্দে মাতরমের ৬ টি স্তবকই গাওয়া বাধ্যতামূলক।