আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং জুন মাস থেকে শুরু করবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কয়েক দিন আগেই ছবিতে কারা কাজ করবেন, তা ঘোষণা করেছেন তিনি।
এই ছবির মাধ্যমেই প্রথম বার বড় পর্দায় দেখা যাবে ছোট পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। তাঁর বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী দর্শনা বণিকের।
কিন্তু শোনা যাচ্ছে, এই চরিত্রে আর দেখা যাবে না তাঁকে। সৃজিতের ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দর্শনা। নেপথ্যে কী কারণ?
ইতিমধ্যেই বিক্রম ভট্টের নতুন হিন্দি ছবিতে কাজ করছেন নায়িকা। দর্শনা জানিয়েছেন, হিন্দি ছবিতে অভিনয় করছেন বলে যে সৃজিতের ছবিতে না করেছেন এটা একেবারেই নয়। অভিনেত্রী বলেন, “আরও একটা নতুন কাজ শুরু হবে আমার। যে কারণে সময় কিছুতেই মিলছিল না। তারিখের সমস্যা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা আমার একার সিদ্ধান্ত একেবারেই নয়। পরিচালক, প্রযোজনা সংস্থা এবং গোটা টিমের সঙ্গে কথা বলেই যৌথ সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
শোনা যাচ্ছে, দর্শনার পরিবর্তে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। তবে এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
