ভারতের আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড জাওয়া ইয়েজদি তাদের জনপ্রিয় রোডস্টার সিরিজের নতুন এডিশন ‘ইয়েজদি রোডস্টার রেড উলফ’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। ৩ মার্চ ‘রেড মুন’ বা রক্তিম চাঁদের রাতে আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে এই রেট্রো-স্টাইলিশ বাইক। সত্তরের দশকের ক্ল্যাসিক ডিজাইন এবং আধুনিক পারফরম্যান্সের মেলবন্ধনে তৈরি এই মোটরসাইকেলটি মূলত দীর্ঘপথ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। গ্লসি রেড রঙ এবং ইঞ্জিনে ক্রোম ফিনিশিংয়ের ছোঁয়া বাইকটিকে দিয়েছে এক রাজকীয় চেহারা। এতে রয়েছে ৩৫০ সিসি-র শক্তিশালী ‘আলফা ২’ লিকুইড-কুলড ইঞ্জিন এবং ৬-স্পিড গিয়ারবক্স।
নিরাপদ যাত্রার জন্য এতে ডুয়াল চ্যানেল এবিএস এবং ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আরামদায়ক দীর্ঘ সফরের জন্য বাইকটিতে আছে ১২.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক, যা একবার তেল ভরলে ৩৫০ কিলোমিটারেরও বেশি পথ চলতে সক্ষম। এছাড়া এর সিটের উচ্চতা ৭৯৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭১ মিমি, যা ভারতীয় রাস্তার জন্য অত্যন্ত উপযোগী। জাওয়া ইয়েজদি মোটরসাইকেলসের সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা বলেন, “রেড উলফ কেবল একটি মোটরসাইকেল নয়, এটি ইয়েজদির ঐতিহ্যের এক আধুনিক প্রতিফলন। আমরা যারা ভিড়ের বাইরে নিজের পথ তৈরি করতে পছন্দ করি, তাদের জন্যই এই বাইকটি তৈরি করেছি।”
দিল্লিতে এর এক্স-শোরুম প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ২,০৯,৯৫০ টাকা। এছাড়া গ্রাহকদের নিশ্চিন্ত রাখতে কোম্পানি দিচ্ছে ৪ বছর বা ৫০,০০০ কিমি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এবং ৮ বছর পর্যন্ত রোডসাইড অ্যাসিস্ট্যান্সের সুবিধা। ভারতজুড়ে ৪৫০টিরও বেশি সেলস ও সার্ভিস পয়েন্টে এখন এই নতুন ‘রেড উলফ’ পাওয়া যাবে।
