আরও সুরক্ষিত হলো ভারতের আকাশ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার ভারতের আকাশ সুরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারতীয় বায়ুসেনার প্রতিরক্ষা বলয়কে আরও শক্তিশালী করতে যুক্ত হয়েছে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি ‘আরুধ্রা রাডার’।

দেশীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র অধীনস্থ ইলেকট্রনিক্স ও রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এই অত্যাধুনিক রাডারটির নকশা তৈরি করেছে। উন্নত প্রযুক্তি, নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা এবং ৪-ডি AESA নজরদারি ব্যবস্থার সুবাদে এটি বর্তমানে ভারতের অন্যতম আধুনিক রাডার সিস্টেম হিসেবে পরিচিত।

প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘আরুধ্রা’ একসঙ্গে প্রায় ২০০টিরও বেশি বিমানের অবস্থান, গতি, উচ্চতা ও দিকনির্দেশ সঠিকভাবে নির্ধারণ করতে পারে। শুধু তাই নয়, এটি একই সময়ে ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের আকাশসীমা জুড়ে শত্রুর গতিবিধির উপর নজর রাখতে পারে।