ভারত সরকার প্রয়োগমূলক অভিযান জোরদার করায় গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন হিসেবে অনলাইনে এলপিজি বুকিং বৃদ্ধি পেয়ে ৯৮ শতাংশে পৌঁছেছে

এলপিজি নিয়ে ভারতে যে সমস্যা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গিয়েছে। গ্রাহকরাও এখন স্পষ্ট ও ইতিবাচক ধারণা পেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মতে, ভারত সরকারের শক্তিশালী এনফোর্সমেন্ট নীতি, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং উন্নত স্বচ্ছতা ব্যবস্থা পরিবারগুলিকে গ্যাসের কানেকশন নিয়ে আশ্বস্ত করেছে। এর ফলে গ্রাহকদের আচরণ স্থিতিশীল হয়েছে ও তারা ডিজিটাল বুকিংয়ের ওপর আস্থা রাখছেন। একটি সমন্বিত দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত ১.২৮ লক্ষেরও বেশি পরিদর্শন ও অভিযান চালানো হয়েছে। এর ফলে ৫৯,০০০-এরও বেশি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এতে সিলিন্ডার মজুত করে রাখা ও কালোবাজারি রোখা, গার্হস্থ্য এলপিজি-র অন্যায্য ব্যবহার বন্ধ করা এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।

এই প্রচেষ্টার পরিপূরক হিসেবে মন্ত্রক এলপিজি ডিস্ট্রিবিউটরশিপগুলোর ওপর নজরদারি জোরদার করেছে। অনলাইনে এলপিজি বুকিং বেড়ে প্রায় ৯৮ শতাংশ হয়েছে। ডেলিভারির ক্ষেত্রে ওটিপি যাচাইকরণ ৯২ শতাংশে পৌঁছেছে, যা স্বচ্ছতা নিশ্চিত করছে। বর্তমানে ঘরোয়া সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি রিপোর্ট করা হয়নি। একদিনেই ৫১ লক্ষেরও বেশি পরিবার এলপিজি সিলিন্ডার পেয়েছে। এমনকি নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বেশিরভাগ ডিস্ট্রিবিউটরশিপ রবিবারও খোলা রাখা হচ্ছে।

একই সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে। খাদ্য, পলিমার এবং কৃষির মতো প্রধান খাতগুলোর জন্য বাল্ক নন-ডোমেস্টিক এলপিজি সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। ২৩ মার্চ থেকে এ পর্যন্ত ১০ লক্ষেরও বেশি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হয়েছে। এই এনফোর্সমেন্ট, সরবরাহ এবং পরিষেবা গ্রাহক সুরক্ষা নিশ্চিত করছে।