বাড়ানো হলো দায়িত্ব

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল ইস্যুতে এখনও সরগরম বাংলা।

এই পরিস্থিতিতে ভোটের কাজে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব বৃদ্ধি। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতেই দেখা দিয়েছে বিতর্ক। কমিশন জানিয়েছে, বিএলও তথা বুথ লেভেল অফিসার হিসেবে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব দেওয়া হবে।

এই পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে সরকারি বেতনভুক্ত এবং ডিএ প্রাপক হতে হবে। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া যাবে না, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পূর্ণ সময়ের শিক্ষকদের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার আগে তাঁর কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা সেটা যাচাই করে নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এই নির্দেশিকা ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক।