আগরতলায় আইসিআইসিআই ব্যাংকের এনগেজমেন্ট সেশন অনুষ্ঠিত হল

সম্প্রতি আইসিআইসিআই ব্যাংক আগরতলায় একটি এনগেজমেন্ট সেশনের আয়োজন করেছিল, যেখানে ত্রিপুরায় ব্যবসা সহজীকরণের বিষয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ সচিব অপূর্ব রায় এবং প্রবীণ সাংবাদিক সানিত দেবরায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলা অফিসের জেনারেল ম্যানেজার (অফিসার ইন চার্জ) সুরেন্দ্র নিডার এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শ্রীরায় উত্তর-পূর্বের বিশেষ করে ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশের গুরুত্ব তুলে ধরেন এবং বেসরকারি ব্যাংকের ভূমিকার প্রতিও গুরুত্ব আরোপ করেন। তিনি ত্রিপুরার ‘ভিশন ২০৪৭’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী সমাধান ও সর্বজনীন ব্যাঙ্কিং-এর পরামর্শ দেন।

শ্রীনিডার রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সহায়তার কথা বলেন। শ্রীদেবরায় ব্যাংকগুলির সামাজিক সংস্কার ও জাতিগঠনে ভূমিকার কথা তুলে ধরেন।