এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। কোচবিহার শহর থেকে পুন্ডিবাড়ির দিকে যাওয়ার পথে একটি চারচাকা পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে ধাক্কা মারে তিনটি টোটোতে। এরপরই গাড়িটি গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে একটি দোকানে।
এই ঘটনায় রাস্তায় থাকা একাধিক পথচারী ও টোটো যাত্রী আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আহতদের মধ্যে অন্যতম উত্তম বর্মন, যিনি নিজেও দুর্ঘটনার শিকার। হাসপাতালে শুয়ে তিনি জানান, “পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর উঠে যায়। ঘটনায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম সেই মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়।”
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। তারা দ্রুত যানজট সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে ফেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান অথবা ঘুমের ঘোরে ছিলো। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই দুর্ঘটনা ফের একবার রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলে দিল। স্থানীয়রা জানান, “এই রাস্তায় বহুবার এমন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের কোনো স্থায়ী পদক্ষেপ নেই।”
