পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে এক মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার দুপুরে এক ভবঘুরে শিশু প্রাণ হারিয়েছে। স্টেশন চত্বরে রাখা একটি ভারী লোহার বিম উলটে তার ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, বছর আটেকের ওই শিশুটি তার বাবার সঙ্গে স্টেশনেই থাকত। মঙ্গলবার দুপুরে সে স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে রাখা একটি মোটা লোহার বিম ধরে খেলা করছিল। খেলার সময় হঠাৎই বিমটি উলটে শিশুটির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
দ্রুত স্থানীয় মানুষ ও রেল পুলিশ (GRP, RPF) ঘটনাস্থলে ছুটে আসে। শিশুটিকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় শিশুটির বাবা কাজে গিয়েছিলেন। খবর পেয়ে তিনিও হাসপাতালে পৌঁছান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রশ্ন উঠেছে, কেন এমন বিপজ্জনকভাবে স্টেশনে লোহার বিম রাখা ছিল? জানা গেছে, স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ চলার কারণে বহু নির্মাণ সামগ্রী এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারই একটি অংশ ছিল এই লোহার বিম। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
