ঘাটালে টানা বর্ষণে প্লাবন, দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টানা বর্ষণের ফলে ঘাটাল মহকুমায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দৌলৎচক, ফতেপুর, রামচক, গঙ্গাপ্রসাদ, নিচ মনসুকা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু পরিবার গৃহহীন, চাষের জমি ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত। এই সংকটময় পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ

সংঘের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে। শুকনো খাবার যেমন চিঁড়ে, গুড়, বিস্কুট, মুড়ি সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নৌকায় করে দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি, অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে অসুস্থ ও আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা দিনরাত কাজ করছেন দুর্গত মানুষের জন্য।”

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। তবে জলস্তর না কমা পর্যন্ত বিপদের আশঙ্কা রয়ে গেছে।

এই মানবিক উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। অনেকেই বলছেন, “সরকারি সাহায্যের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের এই তৎপরতা আমাদের বাঁচিয়ে রাখছে।”

বন্যা পরিস্থিতির উন্নতির জন্য আবহাওয়ার পরিবর্তনের দিকে তাকিয়ে রয়েছে গোটা ঘাটাল মহকুমা।