মে মাসের সেই যুদ্ধের দোহাই দিয়ে ঋণের আবদার ত্যাগ অথচ পেট্রোল-ডিজেলে আগুন

চরম অর্থনৈতিক অস্থিরতার মাঝেই আমজনতার ওপর আবারও বড়সড় বোঝা চাপাল পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সোমবার থেকেই দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি মুদ্রায় পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা (PKR) এবং হাই-স্পিড ডিজেলের দাম ৭.৩২ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল মিলছে ২৫৮.১৭ টাকায় এবং ডিজেল বিকোচ্ছে ২৭৫.৭০ টাকায়।

বিশেষজ্ঞদের মতে, ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিবহন ও কৃষিক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে, যা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

একদিকে যখন আইএমএফের (IMF) ঋণের শর্ত মেটাতে জাতীয় বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (PIA) বিক্রি করতে হচ্ছে, তখন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিচিত্র দাবি করেছেন। তাঁর মতে, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সেই ‘সংক্ষিপ্ত যুদ্ধের’ পর থেকে পাকিস্তানের তৈরি যুদ্ধাস্ত্রের চাহিদা আন্তর্জাতিক বাজারে তুঙ্গে। এই প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির আয়েই নাকি আগামী ৬ মাসের মধ্যে পাকিস্তান আইএমএফের ঋণ থেকে মুক্তি পাবে। তবে উচ্চমূল্যস্ফীতি এবং জ্বালানির এই আকাশছোঁয়া দাম খাজা আসিফের এই ‘আত্মনির্ভর’ হওয়ার দাবিকে সাধারণ মানুষের কাছে বড়সড় উপহাসে পরিণত করেছে।