চালু হলো চারটে নতুন বন্দে ভারত

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বারাণসী থেকে একসঙ্গে ৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চারটি নতুন রুট হল- বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু।

নতুন প্রজন্মের রেল ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রেল মন্ত্রক। উদ্বোধনের পর বারাণসীতে এক জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বন্দে ভারত ট্রেনগুলি দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত ভারত ট্রেনের মাধ্যমে ভারতের যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্তে পৌঁছেছে।”

এদিন প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, “রেলই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মেরুদণ্ড হতে চলেছে।” কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনারস-খাজুরাহো বন্দে ভারত ট্রেন বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট ও খাজুরাহো-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে যুক্ত করবে। বেনারস থেকে খাজুরাহো যেতে অন্যান্য ট্রেনের তুলনায় প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট কম সময় লাগবে।