চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন বাড়ছে চিতা বাঘের আতঙ্ক

চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন বাড়ছে চিতা বাঘের হানা, এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত জনগণ। রবিবার রাত্রে মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইন শ্রমিক মহল্লায় একটি বাড়িতে ঢুকে ছাগল তুলে নিয়ে গেল চিতা বাঘ। যদিও ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছাগলটিকে রেখে পালিয়ে যায় চিতাটি। জানা যায়, রবিবার রাত্রে বাগানের ৫ নম্বর লাইনের বাসু ওরাওঁ এর বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি চিতা বাঘ।

ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙ্গে চিতাবাঘটি একটি ছাগলকে ধরে। ছাগলের চিৎকার শুনে বাড়ির লোকজন টের পেয়েছে দেখে চিতা বাঘটি একটি ছাগলকে গলায় ধরে নিয়ে যাচ্ছিল। ওই সময় তারা চিৎকার করলে চিতা বাঘটি ছাগলটিকে রেখে পালিয়ে যায়। যদিও ওই ছাগলটি  মারা যায়। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার জনগণ। মাঝেমধ্যেই চিতাবাঘ রাত্রে খাদ্যের সন্ধানে চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছে।

চিতাবাঘ ধরতে বনদপ্তরের তরফে বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। বনদপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে কিলকোট চা বাগানে বনদপ্তরের পাতানো খাঁচায় একাধিক চিতাবাঘ খাঁচাবন্দিও হয়েছে।