সংসারে টাকা দেওয়া নিয়ে বিবাদের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকায়। পুলিশ অভিযুক্ত বাবা মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, বাবা ও ছেলে দু’জনেই শ্রমিক। ছেলে দিওয়াশ কাশ্যপ সংসারে টাকা দেয় না বলে বাবার অভিযোগ ছিল। এই নিয়ে বৃহস্পতিবার রাতে ফের তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। অভিযোগ, রাত ১১টা নাগাদ সেই বিবাদের সময় বাবা মঙ্গল কাশ্যপ ধারালো ছুরি দিয়ে ছেলে দিওয়াশের বুকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় দিওয়াশকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ এসে অভিযুক্ত মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
