বাংলায় নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার হঠাৎই কলকাতায় এলেন নির্বাচন কমিশনের আরও এক প্রতিনিধি দল।

কলকাতায় পৌঁছেছেন নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ECIL-এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পি.সি. মণ্ডল। শুক্রবার তাঁদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে। রাজ্যের সব জেলার জেলা নির্বাচনী আধিকারিকরাও থাকবেন সেই বৈঠকে।

শুরু হয়েছে ইভিএম-এর প্রথম ধাপের চেকিং বা ফার্স্ট লেভেল চেকিংয়ের প্রশিক্ষণ। ফলে অনেকে মনে করছেন, কমিশন হয়তো দ্রুতই ভোটের প্রস্তুতি সেরে নিতে চাইছে। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ইভিএম পরীক্ষা, প্রযুক্তিগত প্রস্তুতি ও নিরাপত্তা, সব বিষয়েই বিস্তারিত আলোচনা হবে সভায়। এবার এসআইআর নিয়ে কমিশন খুবই কড়া।