ফের বড়পর্দায় একেনবাবু

এবারে কেরলে ‘একেনবাবু’। ‘একেনবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘কেরালায় কুরুক্ষেত্র’ নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে জোর চর্চা। ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ এবং ‘বেনারসে বিভীষিকা’-র সাফল্যের পর এবারও বড়পর্দাতেই ফিরছে এই ত্রয়ী। ছবির পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্যের দায়িত্বে পদ্মনাভ দাশগুপ্ত।

ছবিতে একেনবাবুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। বাপি ও প্রমথের ভূমিকায় ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। তবে এবারের ছবির অন্যতম আকর্ষণ তারকাখচিত কাস্ট। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত। পাশাপাশি সিনেমার প্রেক্ষাপট যেহেতু দক্ষিণ ভারত, তাই ছবিতে একজন মালয়ালি অভিনেত্রীকেও দেখা যেতে পারে।

বিশেষ চমক হিসেবে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে খলচরিত্রে। এ বিষয়ে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “এবারের গল্পে চরিত্রগুলোর নানা স্তর রয়েছে। ঋত্বিককে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবেন দর্শক। একেনবাবুর বিপরীতে এমন একজনকে প্রয়োজন ছিল, যিনি সমানতালে টক্কর দিতে পারবেন।”

অন্যদিকে, ছবিতে রহস্যময় এক নারীর চরিত্রে অভিনয় করছেন রাইমা সেন। পরিচালকের কথায়, এই চরিত্র গল্পের গুরুত্বপূর্ণ মোড় ঘোরাবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পাবে ‘কেরালায় কুরুক্ষেত্র’।