বাধ্যতামূলক করা হলো ডিম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মিড-ডে মিলে ডিম দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই এবার স্কুলগুলির উপরই পড়ল বাড়তি দায়িত্ব। কলকাতা ও সংলগ্ন এলাকার যে সমস্ত স্কুলে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন খাবার সরবরাহ করে, সেখানে সপ্তাহে দু’দিন পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকেই।

কলকাতার শিক্ষা ভবনে বৈঠকে জানানো হয়, সপ্তাহে দুদিন ডিম দেওয়ার জন্য পড়ুয়া পিছু ১৬ টাকা করে বরাদ্দ করা হবে। অর্থাৎ প্রতিটি ডিমের জন্য ৮ টাকা হিসেবে হিসাব ধরা হয়েছে। তবে এই টাকা সরাসরি আলাদা করে দেওয়া হবে না। প্রথমে স্কুলগুলিকে নিজেদের কম্পোজিট গ্রান্ট থেকে খরচ করতে হবে। পরে সেই খরচের বিল সরকারের কাছে জমা দিলে অর্থ ফেরত পাওয়ার ব্যবস্থা থাকবে।

এই বরাদ্দ নিয়েই তৈরি হয়েছে মূল সমস্যা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নদিয়ার হরিণঘাটা ফার্ম থেকে ডিম সংগ্রহ করা যায় কি না, সেই বিষয়েও আলোচনা চলছে। স্থানীয়ভাবে ডিম সংগ্রহ করলে খরচ এবং সরবরাহ—দুই দিক সামলানো সহজ হবে কি না, তা নিয়ে হিসাব করা হচ্ছে।