ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্ত, অনিল আম্বানি গোষ্ঠীর সংস্থায় ইডির অভিযান

ব্যবসায়ী অনিল আম্বানি-র গোষ্ঠীভুক্ত সংস্থা রিলায়েন্স পাওয়ার-কে ঘিরে তদন্তে নেমে শুক্রবার মুম্বই ও হায়দরাবাদে একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থা সূত্রে জানা গেছে, এই অভিযানে প্রায় ১০ থেকে ১২টি স্থানে একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে।
অধিকারিকদের মতে, এই অভিযানে ইডির প্রায় ১৫টি দল অংশ নিয়েছে। সংশ্লিষ্ট সংস্থার অফিস এবং কিছু শীর্ষ আধিকারিকের সঙ্গে যুক্ত জায়গাগুলিতেও তল্লাশি চলছে। যদিও এই বিষয়ে রিলায়েন্স গ্রুপ -এর কাছে জানতে চাওয়া হলেও এখনও পর্যন্ত তাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে অনিল আম্বানির গোষ্ঠীর একাধিক সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। এই মামলায় অর্থ পাচার সংক্রান্ত আইনের পাশাপাশিবৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এই তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যেই ৬৬ বছর বয়সী অনিল আম্বানিকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তদন্ত এগিয়ে নিতে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT) গঠন করা হয়েছে বলে জানা গেছে।
ইডি সুপ্রিম কোর্টে জমা দেওয়া তথ্য অনুযায়ী, অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক ঋণ জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগে তিনটি পৃথক অর্থ পাচার মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলির তদন্ত এখনও চলছে।
এই পরিস্থিতিতে মুম্বই ও হায়দরাবাদে ইডির তল্লাশি ঘিরে ব্যবসায়িক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।