ডিম খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে ফেলুন জিভে জল আনা এই পদ

কালিয়া, কোর্মা, ভাপা – ডিম দিয়ে তৈরি হয় কত রকমের সুস্বাদু পদ! অমলেট হোক কিংবা পোচ, ভাতের সঙ্গে ডিম থাকলেই যেন খাবার জমে ওঠে। তবে রোজকার সেই চেনা স্বাদের বাইরে গিয়ে যদি ডিম দিয়ে একটু অন্যরকম কিছু বানাতে চান, তাহলে ট্রাই করতে পারেন মজাদার ‘এগ লবাবদার’। স্বাদে-গন্ধে অনন্য এই পদ তৈরি করাও বেশ সহজ।

কী কী লাগবে

সেদ্ধ হাঁসের ডিম ৪-৫টি
মাঝারি পেঁয়াজ ২টি
মাঝারি টম্যাটো ১টি
কাজুবাদাম ৭-৮টি
চারমগজ ১ টেবিল চামচ
রসুন কোয়া ৭-৮টি
কাঁচালঙ্কা ৫-৬টি
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২-৩ টেবিল চামচ
ঘি ২ টেবিল চামচ
তেজপাতা ১টি
গোলমরিচ ৩-৪টি
ফ্রেশ ক্রিম ১-২ টেবিল চামচ
স্বাদমতো নুন-চিনি

কীভাবে বানাবেন

প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে দু’ভাগ করে নিন। সামান্য নুন ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে অল্প তেলে দু’পিঠ হালকা ভেজে তুলে রাখুন। একটি সেদ্ধ ডিম খুব মিহি করে কুচিয়ে আলাদা করে রাখুন। কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা গোলমরিচ ও তেজপাতার ফোঁড়ন দিন। ডুমো করে কাটা পেঁয়াজ ও রসুন হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিন। এরপর টম্যাটো, বাদাম, চারমগজ, নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সামান্য জল যোগ করে ঢেকে ৫ মিনিট রান্না করুন। মিশ্রণটি ঠান্ডা হলে মিক্সারে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এরপর কড়াইয়ে ঘি গরম করে সেই পেস্ট ঢেলে মাঝারি আঁচে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কুচিয়ে রাখা সেদ্ধ ডিম মিশিয়ে দিন। তারপর ভেজে রাখা ডিমগুলো কড়াইয়ে দিয়ে সামান্য জল যোগ করে কয়েক মিনিট ফুটিয়ে নিন। শেষে উপর থেকে ফ্রেশ ক্রিম ও গ্রেট করা সেদ্ধ ডিম ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু এগ লবাবদার। পোলাও, নান বা রুমালি রুটির সঙ্গে এই রান্না জমে যাবে।