দিনের বেলায় সোনার দোকানে চু*রি, উধাও আড়াই লক্ষ টাকার গয়না

দিনের বেলায় জনবহুল বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের ভুটকি হাটে একটি সোনার দোকান থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনা – রুপোর অলংকার সহ একটি ব্যাগ উধাও হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকালে দোকান খুলতে আসেন ব্যবসায়ী সুধীর রায়। দোকান খোলার পর ব্যাগটি দোকানের ভিতরে রেখে কিছু দূরে জল আনতে যান তিনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।

ঘটনার পর হতবাক এলাকাবাসী ও অন্যান্য ব্যবসায়ীরা। দিনের আলোয় ব্যস্ত বাজারের মধ্যে এমন চুরিতে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ।

চুরির ঘটনার পর বাজার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয়েছে তদন্ত।