শীতের শুরুতেই সুন্দরবনে দেখা মিলল দক্ষিণ রায়ের

শীতের আগমনী হাওয়ায় যখন পর্যটকদের ভিড়ে সরগরম সুন্দরবনের বাদাবন, ঠিক তখনই বিরল সৌভাগ্য ছুঁয়ে গেল একদল ভ্রমণপিপাসুকে। কৈখালী ঘাটের বিশালক্ষী খালের ধারে আচমকা রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন তারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নেন বহু পর্যটক।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালেই ২০ জন পর্যটক লঞ্চে চেপে ঘুরতে বেরিয়েছিলেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। রবিবার যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে সেই চমকপ্রদ মুহূর্ত। প্রথমে এক পর্যটক চোখে পড়েন দক্ষিণ রায়কে— বাঘ খাল পেরিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছিল। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে তিনি সঙ্গীদের জানান, “বাঘ, বাঘ!”— আর সঙ্গে সঙ্গে লঞ্চে ছড়িয়ে পড়ে চিৎকার, উচ্ছ্বাস আর বিস্ময়।

পর্যটকদের তোলা সেই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্থানীয়দের মতে, শীতকাল মানেই সুন্দরবনে পর্যটকদের ভিড়। কিন্তু বাঘের দর্শনের খবর ছড়িয়ে পড়ায় এবার আরও বাড়বে পর্যটকদের আগ্রহ। পর্যটন ব্যবসায়ীরাও মনে করছেন, এই ‘দক্ষিণ রায়ের দেখা’ শীতের মরশুমে সুন্দরবনে পর্যটনকে নতুন মাত্রা দেবে।