এবার বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে প্রতিশ্রুতি ছিল, বিজেপি ক্ষমতায় এলে মিলবে ডিএ, আসবে সপ্তম বেতন কমিশন।

সরকার গঠনের পর সেই লক্ষ্যেই একাধিক প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার নজরে পে কমিশন। আগেই রাজ্যে ঘোষণা হয়েছে নয়া পে কমিশনের। এবার সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতনবৃদ্ধি সহ ডিএ, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, অন্যান্য ভাতা, অবসরকালীন সুবিধা-সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করা হবে বিজেপি ক্ষমতায় এলে। পাশাপাশি ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে।