CPI-IW সূচকের ভিত্তিতে ২ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা
কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আসতে পারে বড় সুখবর। অষ্টম বেতন কমিশনের অপেক্ষার মধ্যেই সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ ও ডিআর বৃদ্ধি কার্যকর হয়। সেই নিয়ম অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা মার্চের প্রথম সপ্তাহে হতে পারে বলে জল্পনা চলছে। হোলির আগেই অর্থাৎ ৩ বা ৪ মার্চ সরকার আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পাচ্ছেন। ২ শতাংশ বৃদ্ধি পেলে তা বেড়ে ৬০ শতাংশ হতে পারে। ডিসেম্বর ২০২৫-এর AICPI (CPI-IW) সূচক ১৪৮.২ হওয়ায় এই বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। শ্রমমন্ত্রকের রিপোর্টের ভিত্তিতেই ডিএ নির্ধারিত হয়।
যদি ২ শতাংশ ডিএ বাড়ে, তাহলে যাঁদের বেসিক বেতন ৫০,০০০ টাকা, তাঁদের মাসিক বেতনে প্রায় ১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। জানুয়ারি থেকে কার্যকর হলে জানুয়ারি-মার্চের এরিয়ারও মিলবে।
সব মিলিয়ে কেন্দ্রীয় কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য এটি ইতিবাচক খবর। তবে এখনও সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কর্মী। পাশাপাশি অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে, সেই দিকেও নজর রয়েছে ।
মার্চের প্রথম সপ্তাহেই ডিএ বৃদ্ধি? কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় সুখবরের ইঙ্গিত
