বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা।
এবার জানা গিয়েছে, মালদার মানিকচকের তৃণমূলের শিক্ষক নেতা সুনন্দ মজুমদারের বিরুদ্ধে প্রায় ৫০ জন ছাত্রীর কন্যাশ্রীর টাকা লোপাটের দেওয়ার অভিযোগ রয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁর বিরুদ্ধে ৪ টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলেও দীর্ঘ ৪ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাঁকে গ্রেফতার করা হয়নি।
এমতাবস্থায়, SFI-এর তরফে বিক্ষোভ দেখানো হয়। তারপরে ওই শিক্ষককে গ্রেফতার করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে জামিন দিয়ে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। যদিও, ওই অভিযুক্ত শিক্ষকের আইনজীবী জানিয়েছেন, পুলিশ ওই শিক্ষককে থানায় ডেকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি, অভিযুক্ত সুনন্দ মজুমদারকে আদৌ গ্রেফতার করা হয়নি বলেও জানান আইনজীবী।
