ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, গৃহস্থের সিলিন্ডারে ৬০ টাকা বৃদ্ধি

দেশজুড়ে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় গৃহস্থের ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। নতুন দামে ১৪.২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা।
শুধু গৃহস্থের গ্যাসই নয়, বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। নতুন দামে তা দাঁড়িয়েছে ১,৯৯০ টাকা।
উল্লেখ্য, গত ১ মার্চই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৩১ টাকা বাড়ানো হয়েছিল। তবে সে সময় গৃহস্থের ব্যবহারের গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। মাত্র পাঁচ দিনের মধ্যেই এবার দুই ধরনের গ্যাসের দামই বাড়ানো হল।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ছে জ্বালানির বাজারে। ইরান, ইজ়রায়েল ও আমেরিকার মধ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে ভারতের বাজারেও।
এদিকে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আবার পুরনো নিয়ম চালু করা হয়েছে। এখন গৃহস্থেরা ২১ দিনে মাত্র একটি করে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন।
যদিও কেন্দ্র জানিয়েছে, আপাতত দেশের প্রয়োজন মেটানোর মতো জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি রাশিয়া প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের আশ্বাস দিয়েছে। আমেরিকাও শর্তসাপেক্ষে এক মাসের জন্য রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দিয়েছে ভারতকে।
এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের উপর নতুন করে চাপ বাড়ল বলেই মনে করছেন অনেকে।