দুর্নীতির অভিযোগে কংগ্রেস বিধায়ক আটক

কোটি কোটি টাকা তছরুপ এবং অবৈধভাবে আকরিক রপ্তানির অভিযোগে কর্নাটকের কংগ্রেস বিধায়ক সতীশ কৃষ্ণ সেলকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইডি সূত্রে খবর, সতীশ সেলের নামে একটি কোম্পানি রয়েছে, যার মাধ্যমে তিনি অবৈধভাবে উত্তোলন করা লৌহ আকরিক বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ টাকা আয় করতেন। এর ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আগেই তাকে নোটিস পাঠিয়েছিল। গত ১২ এবং ১৩ আগস্ট সতীশের বাসভবন-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১৪ কোটি টাকার গয়না এবং ৬.৭৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, ইডির হাতে কর্নাটকে গ্রেপ্তার হওয়া এটি দ্বিতীয় কংগ্রেস বিধায়কের ঘটনা। গত মাসের শেষের দিকে চিত্রদুর্গের বিধায়ক কেসি বীরেন্দ্রকে বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধেও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।