দুই নেতার বিবাদ, ঘরহীন বৃদ্ধকে পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

জলপাইগুড়িতে দুই নেতার বিবাদের জেরে সরকারি আবাসের ঘর না পাওয়ার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামালেন এক বৃদ্ধ। রাজেন রায় নামের ওই বৃদ্ধের অভিযোগ শোনামাত্রই সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপরই প্রকাশ্য রাস্তায় মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি।

বুধবার একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় দেখে থামান জলপাইগুড়ির বাসিন্দা রাজেন রায়। মুখ্যমন্ত্রী তাকে চিনতে পারেন এবং জিজ্ঞাসা করেন, “আপনার আগের সমস্যার সমাধান হয়েছে তো?” এর জবাবে রাজেনবাবু হাসিমুখে জানান যে সেই সমস্যা মিটেছে। এরপরই তিনি আবাসের ঘর না পাওয়ার নতুন অভিযোগটি জানান।

রাজেন রায় মুখ্যমন্ত্রীকে জানান যে স্থানীয় দুই নেতা খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তিনি আবাসের ঘর পাচ্ছেন না। অনেককে জানিয়েও কোনো লাভ হয়নি। সব শুনে মুখ্যমন্ত্রী নিজেই সমস্যা সমাধানের আশ্বাস দেন। এতে আশ্বস্ত হয়ে বৃদ্ধ রাজেন রায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তিনি এখন আশাবাদী যে তার আবাসের ঘর পাওয়ার সমস্যাটি এবার মিটে যাবে।