তবে কি বিদায় নিচ্ছে বৃষ্টি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। প্রকৃতির ধ্বংসলীলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৪ জনের।

তবে অবশেষে এ বছরের মত বর্ষা বিদায়ের সময় এসেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে অবশ্য ঝড়-বৃষ্টি চলতে পারে আরও কয়েকটা দিন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট আরও কমে যাবে।