বাড়তে চলেছে বাস ভাড়া

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। কলকাতায় বেসরকারি বাসে যাতায়াতের খরচ বাড়তে পারে। দীর্ঘ আট বছর ধরে বাসভাড়ায় কোনও সংশোধন না হওয়ায় এবার ন্যূনতম ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন বাস মালিক ও অপারেটররা।

তাঁদের বক্তব্য, বর্তমান ব্যয়ভার সামাল দিতে পুরনো ভাড়ার কাঠামো আর কার্যকর নয়। তাই ভাড়া পুনর্নির্ধারণের পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিশেষ আর্থিক সহায়তার আবেদনও জানানো হয়েছে। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত চালু হওয়ার পর থেকে বেসরকারি বাসে যাত্রী সংখ্যা আরও কমেছে।

ফলে আয়ের উৎস কমে যাওয়ায় বাস মালিকদের আর্থিক চাপ বহুগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে বর্তমান ন্যূনতম ৮ টাকার বাসভাড়া বাড়িয়ে ২০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু ভাড়া বৃদ্ধি নয়, রাজ্য সরকারের কাছে আরও একটি আর্থিক স্বস্তির দাবি তুলেছেন বাস মালিকরা।