তুফানগঞ্জে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার।
অভিযোগ, শুক্রবার সকালে তুফানগঞ্জে বিজেপির তৈরি করা সভামঞ্চ পুলিশ খুলে দেয়। এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়।
বিজেপির পক্ষ থেকে এদিন তুফানগঞ্জ বিধানসভার বলরামপুর চৌপথি থেকে থানা মোড় হয়ে রামহরি মোড় পর্যন্ত ‘পরিবর্তন রথযাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে রামহরি মোড় এলাকায় একটি সভামঞ্চও তৈরি করা হয়েছিল।
বিধায়ক মালতী রাভা রায়ের অভিযোগ, কর্মসূচির জন্য পুলিশের কাছে আগেই প্রয়োজনীয় অনুমতির আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের কর্মসূচি বন্ধ করতে তৎপর হয়েছে। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতেই সভামঞ্চ খুলে দেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তারা বিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি করতে দেবে না। তবুও এই ঘটনায় দমে যাব না।” এখানেই নির্ধারিত কর্মসূচি হবেই বলে জানান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
