পূর্ব আগরতলা থানায় বাইক উদ্ধার, স্বস্তি ফিরল মালিকদের

রাজধানী আগরতলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোট তিনটি বাইক উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ

পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত জুন মাসে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে এই তিনটি বাইক চুরির মামলা রুজু হয়েছিল। এরপর থেকেই পুলিশ অভিযানে নামে। চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা শহর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আজ আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চুরি যাওয়া বাইকগুলি তাদের আসল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বাইকের মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।