মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। নভেম্বরেই হবে ভোটের মহাযজ্ঞ।
এরই মধ্যে রাজনৈতিক ময়দানে নামছে একে একে সব দল। তবে ভোটের আগে প্রতিশ্রুতির ঝড় তুলেছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেছেন, বিহারে ‘মহাগটবন্ধন’ সরকার গঠিত হলে রাজ্যের প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। তাঁর দাবি, সরকার গঠনের ২০ দিনের মধ্যেই এই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হবে এবং ২০ মাসের মধ্যে তা সম্পূর্ণ করা হবে। তেজস্বীর এই ঘোষণার পরই বিহারের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী শাসকদল জেডিইউ ও বিজেপি যেখানে ভোটের আগে উন্নয়ন ও ভাতা প্রকল্পের কথা বলছে, সেখানে তেজস্বীর এই প্রতিশ্রুতি সরাসরি চাকরি দেওয়ার আশ্বাস—যা তরুণ ভোটারদের কাছে বেশ বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
