রাজ্যের পুরসভার তরফে বড় নির্দেশ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এর পাশাপাশি রাজ্যের যুবক-যুবতীদের স্বনির্ভর করতে বিভিন্ন সময় নানান উদ্যোগ নিয়েছে সরকার।

বর্তমানে বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে নানান খ্যাতনামা সংস্থা। সেই সঙ্গেই রাজ্যের বহু নাগরিকও নিজস্ব ব্যবসা শুরু করছে। তবে সব ক্ষেত্রেই বাংলার বুকে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স দরকার হয়। বর্তমানে বাড়ি বসে সহজেই এই লাইসেন্স পাওয়া যায়।

তবে বহু ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন ফি বাবদ বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার এই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল সরকার। ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আইনত যত টাকা নেওয়া উচিত, তার বাইরে গিয়েও রাজ্যের বহু পুরসভা অ্যাপ্লিকেশন ফি বাবদ বাড়তি টাকা নেয়। ইতিমধ্যেই বিষয়টি পুর ও নগরোন্নয়ন দফতরের নজরে এসেছে। তারপরেই বড় পদক্ষেপ নেওয়া হল। জানানো হল, ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে রাজ্যের পুরসভাগুলি কোনও প্রকার বাড়তি টাকা নিতে পারবে না। সংশ্লিষ্ট লাইসেন্স রিনিউওয়ালের ক্ষেত্রে এই একই নিয়ম কার্যকর হবে।