পশ্চিমবঙ্গের কর্মক্ষম তরুণদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের নতুন উপহার ‘যুবসাথী’ প্রকল্প। আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্প চালু হতে চললেও, তার আবেদন প্রক্রিয়া ও নাম নথিবদ্ধকরণ শুরু হয়ে যাচ্ছে আজ (রবিবার) থেকেই। জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকের পর জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্প বসবে। যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষকদের সেচ সংক্রান্ত সমস্যার সমাধানও মিলবে একই ছাদের তলায়।
সরকার চায় প্রতিটি আবেদনকারীর নথিপত্র সঠিকভাবে যাচাই করে দ্রুত পোর্টালে আপলোড করতে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, তারা নিজের আধার কার্ড ও ব্যাঙ্কের তথ্যসহ প্রয়োজনীয় কাগজ নিয়ে এলাকার বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। বিশেষভাবে জানানো হয়েছে যে, এই প্রকল্পের সাথে সাথে খেতমজুর ও কৃষকদের জন্য সেচের জলের কর মকুবের সুবিধাও মিলবে এপ্রিল মাস থেকেই। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ক্যাম্পে পুলিশের নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
