বড় বিনিয়োগ হতে চলছে রাজ্যে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার জানা গিয়েছে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।

এই বৈঠকের প্রসঙ্গ সামনে আসার পরেই রাজ্যের শিল্পক্ষেত্রে আদানি গ্রুপের বিনিয়োগের বিষয়ে জল্পনা শুরু হয়েছে। প্রায় ১ ঘন্টা ধরে চলে এই বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে পরিকাঠামো থেকে শুরু করে বিদ্যুৎ ও বন্দর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।

পাশাপাশি, একাধিক প্রকল্পে আদানি গ্রুপ কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে। এর আগেও আদানি গোষ্ঠী দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছিল। তাজপুর বন্দরের প্রকল্পেও বিনিয়োগের ক্ষেত্রে সায় দিয়েছিল আদানি গোষ্ঠী।