সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) তাদের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দশম শ্রেণির পড়ুয়ারা বছরে দু’বার বোর্ড পরীক্ষায় বসতে পারবে। এর মধ্যে প্রথমবার পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক এবং দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া ঐচ্ছিক।
জাতীয় শিক্ষানীতি (NEP)-এর প্রস্তাবনা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। CBSE আগেই পরীক্ষা নেওয়ার একটি খসড়া পরিকল্পনা প্রকাশ করেছিল, যেখানে ফেব্রুয়ারি এবং মে মাসে বোর্ড পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর থেকে CBSE-এর অধীনস্থ দশম শ্রেণির পড়ুয়ারা দু’বার পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
এই নতুন নিয়মের ফলে, যদি কোনো শিক্ষার্থী প্রথমবার কোনো বিষয়ে তুলনামূলক কম নম্বর পায়, তবে সে কয়েক মাসের মধ্যেই আবার সেই বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাওয়ার সুযোগ পাবে। দু’বারের পরীক্ষার মধ্যে যেটিতে বেশি নম্বর উঠবে, সেটিই চূড়ান্ত ফলাফলের জন্য বিবেচিত হবে।
প্রথম পরীক্ষার পরই ছাত্র-ছাত্রীদের হাতে রেজাল্ট দেওয়া হবে না। তা ডিজি লকারে আপলোড করা হবে। দ্বিতীয় পরীক্ষা শেষ হওয়ার পরেই চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে। কোনো শিক্ষার্থী যদি প্রথম পরীক্ষার নম্বরে সন্তুষ্ট থাকে, তাহলে সে চাইলে দ্বিতীয় পরীক্ষা থেকে বিরত থাকতে পারবে।
