নেপালের ভয়াবহ বন্যা ও হড়পা বানের পর একের পর এক ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীর নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে নিখোঁজ রয়েছেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি। পরিবারের দাবি, নেপালে যাওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না।
বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা স্বপন মণ্ডল ও তাঁর স্ত্রী মৌ মণ্ডল দু’জনেই পেশায় শিক্ষক ছিলেন। বর্তমানে তাঁরা অবসরপ্রাপ্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত দিন আগে তাঁরা নেপালে বেড়াতে যান। সেখান থেকে তাঁদের কৈলাস যাওয়ার পরিকল্পনা ছিল।
কিন্তু নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের খবর আসার পর থেকেই স্বপন ও মৌয়ের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ফলে উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।
পরিবারের আশঙ্কা, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই হয়তো তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। স্বজনদের একটাই আবেদন, দ্রুত তাঁদের সন্ধান মিলুক এবং তাঁরা সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুন।
এদিকে নেপালে বন্যা ও হড়পা বানে মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বাড়ছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছে নেপালের প্রশাসন ও নিরাপত্তাবাহিনী। নিখোঁজ ভারতীয় নাগরিকদের সন্ধানে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে ভারতীয় দূতাবাসও।
