বন্ধন ব্যাঙ্ক ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বৃদ্ধি পেয়ে ৩.০২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মোট আমানতের মধ্যে খুচরো আমানতের অংশ এখন ৭২%। ব্যাঙ্কের বিস্তৃত শাখা নেটওয়ার্ক, উন্নত কর্মক্ষমতা এবং ব্যবসার অনুকূল পরিবেশের কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। বর্তমানে ব্যাঙ্কটি ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই তাদের ৬,৩৫০টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২৫ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। বন্ধন ব্যাঙ্কে কর্মীর সংখ্যা এখন ৭৪,৫০০-র বেশি। এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত বার্ষিক ১১% বৃদ্ধি পেয়ে ১.৫৭ লক্ষ কোটি টাকা হয়েছে এবং ঋণের পরিমাণ পৌঁছেছে ১.৪৫ লক্ষ কোটি টাকায়। ব্যাঙ্কের সিএএসএ রেশিও এখন ২৭.৩%। আর্থিক স্থিতিশীলতার অন্যতম সূচক ‘ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও’ ১৭.৮%-এ দাঁড়িয়েছে, যা অত্যন্ত ভালো।
ব্যাঙ্কের এই সাফল্য নিয়ে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল আমাদের শক্তিশালী ভিত্তি এবং ঘুরে দাঁড়ানোর প্রমাণ দেয়। চতুর্থ ত্রৈমাসিকে আমরা গ্রাহক পরিষেবা আরও উন্নত করতে এবং কাজের গতি বাড়াতে একাধিক ডিজিটাল উদ্যোগ নিতে চলেছি। আমরা একটি শক্তিশালী, স্থিতিশীল এবং বৈচিত্র্যময় ব্যাঙ্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ভবিষ্যতে আমাদের স্থিতিশীল মুনাফা নিশ্চিত করবে।”
ব্যাঙ্ক এখন খুচরো ঋণের ওপর বিশেষ জোর দিচ্ছে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও সহজ করতে ডিজিটাইজেশন বা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
