বন্ধন ব্যাঙ্ক ব্যবসায়িক গ্রাহকদের জন্য সমন্বিত প্রভিডেন্ট ফান্ড পেমেন্ট পরিষেবা চালু করল

বন্ধন ব্যাঙ্ক এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সঙ্গে সমন্বিত প্রভিডেন্ট ফান্ড (PF) পেমেন্ট পরিষেবা চালুর ঘোষণা করেছে। এর ফলে ব্যাঙ্কের ব্যবসায়িক গ্রাহকরা বন্ধন ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে সহজেই পিএফ জমা করতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য পিএফ জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করে তোলা।
এই ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানগুলি EPFO পোর্টাল থেকে পিএফ পেমেন্টের প্রক্রিয়া শুরু করতে পারবে এবং বন্ধন ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সেই পেমেন্ট সম্পূর্ণ করতে পারবে। এর ফলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে লেনদেনের নিশ্চয়তা পাবেন এবং তাৎক্ষণিকভাবে চালান ডাউনলোড করতে পারবেন। এতে পেমেন্ট দ্রুত সম্পন্ন হবে এবং কাজের সময়ও বাঁচবে।
ব্যবসার ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে চালু করা এই পরিষেবা প্রতিষ্ঠানগুলিকে পিএফ-সহ অন্যান্য বাধ্যতামূলক অর্থপ্রদানের কাজ আরও সহজে করতে সাহায্য করবে। পাশাপাশি নগদ প্রবাহের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং EPFO-র নিয়মসমূহ যথাসময়ে মেনে চলতেও সহায়তা করবে। নির্ঝঞ্ঝাট ডিজিটাল পরিষেবার সঙ্গে ব্যবসায়িক ব্যাঙ্কিং সুবিধাকে যুক্ত করে বন্ধন ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য দৈনন্দিন আর্থিক কাজকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করে তুলতে চায়।
এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বন্ধন ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর বলেন, “বন্ধন ব্যাঙ্কে আমরা সবসময় এমন পরিষেবা তৈরির চেষ্টা করি যা ব্যবসায়িক গ্রাহকদের দৈনন্দিন ব্যাঙ্কিংকে আরও সহজ এবং কার্যকর করে তোলে। EPFO-র সঙ্গে এই সংযুক্তি আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাঙ্কিং পরিষেবাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে গ্রাহকরা সহজ ও নিরাপদ উপায়ে পিএফ জমা দিতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে পেমেন্টের নিশ্চয়তা ও চালান পাবেন। এতে নিয়ম মেনে চলার প্রক্রিয়া সহজ হবে এবং ব্যবসাগুলি তাদের বৃদ্ধি ও উন্নয়নের দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবে।”
এই পরিষেবা চালুর মাধ্যমে ব্যবসায়িক গ্রাহকদের জন্য বন্ধন ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা আরও শক্তিশালী হল। পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো, গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাড়তে থাকা ডিজিটাল চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাঙ্ক প্রযুক্তিনির্ভর নতুন নতুন পরিষেবায় বিনিয়োগ করে চলেছে।