অসম ই-গ্রাস পোর্টালের মাধ্যমে কর পরিশোধ সহজ করল বন্ধন ব্যাংক

বন্ধন ব্যাংক অসমের নাগরিকদের জন্য ‘অসম ই-গ্রাস’ (Assam e-GRAS) পোর্টালের মাধ্যমে রাষ্ট্রীয় কর এবং কর-বহির্ভূত অর্থ জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করে তুলেছে। এই সুবিধার ফলে গ্রাহকরা এখন অনলাইন এবং অফলাইন, উভয় মাধ্যমেই সহজে অর্থ প্রদান করতে পারবেন। অসম ই-গ্রাস প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা চালান তৈরি করতে পারবেন এবং তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইউজারনেম ব্যবহার করে লগ-ইন করে পেমেন্ট শুরু করতে পারবেন। অসমে অবস্থিত বন্ধন ব্যাংকের ১০৯টি শাখা গ্রাহকদের এই পরিষেবা দিতে সরাসরি সহায়তা করবে। এই সুবিধার আওতায় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় কর (যেমন—সম্পত্তি কর, ভূমি রাজস্ব, কৃষি, বিক্রয় কর ইত্যাদি থাকছে) এবং কর-বহির্ভূত রাজস্ব যেমন ভ্যাট (VAT), বিভিন্ন ফি (আবেদন ফি, পরীক্ষার ফি ইত্যাদি), জরিমানা, রাষ্ট্রীয় উদ্যোগ থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং অন্যান্য সরকারি প্রাপ্তি অন্তর্ভুক্ত রয়েছে। গ্রাহকরা পেমেন্টের সঙ্গে সঙ্গেই GRN এবং CIN নম্বরসহ প্রাপ্তি স্বীকারপত্র পাবেন এবং পোর্টাল থেকে চালান ডাউনলোড করতে পারবেন। এই সিস্টেমে ২৪×৭ পেমেন্ট তৈরির সুবিধা রয়েছে। এছাড়া টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পেমেন্ট কনফার্ম করার আগে প্রিভিউ দেখার সুবিধার মাধ্যমে লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পেমেন্টের বিকল্পগুলোর মধ্যে রয়েছে বন্ধন ব্যাংকের ১০৯টি শাখায় সরাসরি নগদ বা চেকের মাধ্যমে অফলাইন জমা দেওয়ার সুবিধা। অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং (রিটেল ও কর্পোরেট) এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইউপিআই-এর সুবিধাও থাকছে। এছাড়া অন্যান্য ব্যাংকের চেক এবং ডিমান্ড ড্রাফটও কর পরিশোধের জন্য গ্রহণ করা হবে।

বন্ধন ব্যাংকের ইডি এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর বলেন, “অসমের নাগরিকদের জন্য একটি সুবিধাজনক এবং নিরাপদ ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো গড়ে তুলতে বন্ধন ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এই পোর্টাল ইন্টিগ্রেশনের ফলে করদাতারা এখন স্বচ্ছতা সহ ও সহজ ভাবে তাঁদের কর দিতে পারবেন।” অসমে বর্তমানে বন্ধন ব্যাংকের প্রায় ৫০০টি ব্যাংকিং আউটলেটের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।