বলবাড়িতে দুষ্কৃতীদের এটিএম লুটের ঘটনার সময় সজাগ থেকে পুলিশকে খবর দেওয়ায়, প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো আমবাড়ির বাসিন্দা রাজু রায়কে। সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মান প্রদান করা হয়।
উল্লেখযোগ্যভাবে, চলতি মাসের ১৪ তারিখ রাত প্রায় ১টা নাগাদ ময়নাগুড়ি থানার বলবাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। সেই রাতেই নিজের পরিবারকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন রাজু রায়। আচমকা তিনি লক্ষ্য করেন এটিএম কাউন্টারে কিছু অস্বাভাবিক গতিবিধি। সন্দেহ হওয়ামাত্রই তিনি তা ময়নাগুড়ি থানায় জানিয়ে দেন।
রাজু রায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত তৎপর হয় জলপাইগুড়ি জেলা পুলিশ। অভিযান চালিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে পাঁচজনের একটি দুষ্কৃতী দলের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় লুট হওয়া কয়েক লক্ষ টাকা।
এই প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে বলেন,
“ওনার দেওয়া ইনফরমেশনের ওপর দ্রুত পুলিশ ব্যবস্থা নেওয়ায় এই দুষ্কৃতী দলকে গ্রেফতার করে টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই কারণেই জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো।”
অন্যদিকে সংবর্ধনা পেয়ে আপ্লুত রাজু রায় বলেন, “একদিকে যেমন ভালো লাগছে, সেই সঙ্গে সবার কাছে আবেদন করবো—এমন কোনো ঘটনা চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো উচিত। এতে সমাজের অনেক উপকার হয়।”
রাজু রায়ের এই সাহসিকতা ও সচেতন নাগরিকের দৃষ্টান্ত নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুকরণীয় উদাহরণ। জেলা পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে দায়িত্ববোধ আরও জোরদার করবে বলেই মনে করা হচ্ছে।
