IDBI ব্যাঙ্কের মালিকানা বদলের পথে, গ্রাহকদের জন্য কী পরিবর্তন আসতে চলেছে?

দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank) শীঘ্রই বেসরকারি মালিকানায় চলে যেতে চলেছে। কেন্দ্রীয় সরকার ও এলআইসি (LIC) যৌথভাবে ব্যাঙ্কটির ৯৪.৭২ শতাংশ শেয়ারের মালিক, যার মধ্যে ৬০.৭২ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সরকারি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই শেয়ার পারচেস এগ্রিমেন্ট (SPA)-এর অনুমোদন মিলেছে ইন্টার-মিনিস্টেরিয়াল গ্রুপের কাছ থেকে। সম্ভাব্য ক্রেতাদের তালিকায় রয়েছে দুবাইয়ের এমিরেটস এনবিডি ব্যাঙ্ক এবং কানাডা নিবাসী ভারতীয় ব্যবসায়ী প্রেম ওয়াতসার সংস্থা ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংস।

গ্রাহকদের জন্য কী পরিবর্তন?

বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্কের মালিকানা বদলালেও সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্ট বা জমা টাকার উপর তাৎক্ষণিক কোনও প্রভাব পড়বে না। তবে কিছু নীতিগত পরিবর্তন হতে পারে, যেমন:

  • সুদের হারে সামান্য পরিবর্তন
  • লোন প্রসেসিংয়ের নিয়মে রদবদল
  • পরিষেবা ফি বা চার্জে সামান্য বৃদ্ধি বা হ্রাস
  • ডিজিটাল পরিষেবার মানোন্নয়ন, যদি নতুন মালিক আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেন

কেন এই সিদ্ধান্ত?

সরকারের লক্ষ্য হল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির দক্ষতা ও প্রতিযোগিতামূলকতা বাড়ানো। IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণ সেই বৃহত্তর কৌশলের অংশ। ২০১৯ সালে RBI ব্যাঙ্কটিকে বেসরকারি ঘোষণা করে, এবং ২০২২ সালেই শেয়ার বিক্রির পরিকল্পনা প্রকাশ্যে আসে।