মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR-এর কাজ নির্বিঘ্নে চালাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বুথ লেভেল অফিসারদের পারিশ্রমিক মেটাতে ৬১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। SIR-এর কাজের জন্য BLO-দের বরাদ্দ অর্থ ছাড়ের আবেদন জানিয়ে আগেই নবান্নকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই আবেদন মেনে রাজ্যের অর্থ দপ্তর থেকে ৬১ কোটি টাকা ছাড়া হয়েছে। এই অর্থ রাজ্যে নিযুক্ত BLO-দের মধ্যে ভাগ করে দেওয়া হবে। রাজ্যে SIR-এর যাবতীয় কাজ মূলত BLO-দের উপরেই নির্ভর করছে। SIR-এর জন্য BLO-রা নিয়মমাফিক পৃথক পারিশ্রমিক পাওয়ার কথা। সেই অর্থ দেওয়ার দায়িত্ব রাজ্যেরই। এই টাকা ছাড়ের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই দুই দফায় রাজ্যকে চিঠি পাঠিয়েছিল।
